ঢাকায় ভারতের রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতি স্বাভাবিক ঘটনা: মুখপাত্র

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা। কোনো দেশের প্রজাতন্ত্র বা জাতীয় দিবসে তারা যেতেই পারেন। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

গত শনিবার (২৫ জানুয়ারি) ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপদেষ্টাদের দেখা যায়। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, আপনারা সব সময় দেখে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা সব দেশের সঙ্গেই সুসম্পর্ক আশা করেন। আর এখানে উপদেষ্টাদের উপস্থিতি আলাদাভাবে দেখার কোনো কারণ নেই।

তিনি বলেন, কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবসের অনুষ্ঠানে সবসময় একজন প্রধান অতিথি থাকেন, উচ্চপর্যায়ের প্রতিনিধি থাকেন, এটা স্বাভাবিক ঘটনা। সেই ধারাবাহিকতায় এখানেও আপনারা প্রধান অতিথিকে উপস্থিত থাকতে দেখেছেন। এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সব সময় মনে করি, বাংলাদেশ সবার সঙ্গেই সুসম্পর্ক প্রত্যাশা করে। বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়ে থাকে।