লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ভুলভাবে বা বিকৃত করে উপস্থাপন করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বাসস।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই তিনি সাম্প্রতিক সহিংসতার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
গত ১৯ নভেম্বর লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা সীমান্তের ওপারে তাদের 'প্রভুদের' খুশি করতে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন