মুন্সীগঞ্জের সিরাজদীখানে স্কুলছাত্র রোমান শেখ (১৫) ৬ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সংসারের অভাব-অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি এ রোমান ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
রোমান সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে সে। গতকাল সোমবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, গত ২৫ জানুয়ারি সিরাজদীখান থানায় মামলা দায়ের করেছেন রোমানের বাবা। গত রবিবার পুলিশ দুজনকে আটক করেছে।
মিরাজ শেখ জানান, পাশর্^বর্তী শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পাস করে গত ২১ জানুয়ারি সকালে নবম শ্রেণিতে ভর্তি হয় তার ছেলে। একই দিন দুপুরে তার ছেলে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
ওই স্কুলছাত্রের বোন মিতু শেখ (২০) বলেন, ‘নিখোঁজের দিন সকালে আমার ভাই স্কুলে ভর্তি হয়েছিল। ওই দিন দুপুরে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। ভাইকে খুঁজে না পেয়ে আমার মা অসুস্থ হয়ে পড়েছে।’ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করার জন্য পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত রোমান।’
বেলতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাঈদুল কাজী বলেন, ‘রোমানের বাবা পেশায় কাঠমিস্ত্রি। অভাবের কারণে সংসারে স্বচ্ছলতার আশায় পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত রোমান। আমাদের স্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করে এ বছর নবম শ্রেণিতে ভর্তি হয়েছে সে। যেদিন নতুন ক্লাসে ভর্তি হলো, সেদিনই রোমান অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে আমরা শিক্ষকরাও চিন্তিত আছি।’
সিরাজদীখান থানার এসআই মো. সাইউল ইসলাম বলেন, গত শনিবার রাতে নিখোঁজ স্কুলছাত্রের বাবা মামলা দায়ের করেন। পরদিন রবিবার পুলিশ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে মামলার তদন্তের স্বার্থে আটক দুজনের পরিচয় জানানো যাচ্ছে না।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তার সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।