বরিশাল নগরীর কাশিপুরের হাতেম মীরার দিঘিতে আবারও মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দিঘি থেকে একটি খণ্ডিত কবজি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে রবিবার (২৬ জানুয়ারি) একই দিঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে তিন দিনের ব্যবধানে লাশের ছয়টি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এক বৃদ্ধা দিঘির পাড়ে হাঁটতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান। পরে তীরে তুলে সেটি খুলতেই কবজির খণ্ডিত অংশ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা নূপুর বেগম বলেন, ‘এর আগেও লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একই ঘটনা ঘটায় আমরা আতঙ্কে আছি।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোনো নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নগরীর বাইরে থেকে কাউকে হত্যা করে লাশের খণ্ডিত অংশ এখানে ফেলে দেওয়া হয়েছে। হত্যার স্থান শনাক্ত করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। একাধিক গোয়েন্দা সংস্থা এই রহস্য উদঘাটনের কাজ করছে।’