স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে রংপুরে সিনিয়র দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন। এ সময় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেওয়া হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানারও আদেশ দেন তিনি।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহিদুল হকের পুত্র ওসমান গণির সঙ্গে বিয়ে হয় পাশের গ্রামের আমজাদ হোসেনের কন্যা মঞ্জুয়ারা খাতুনের। অভাব অনটনের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে গলায় ওড়না পেঁচিয়ে মঞ্জুয়ারাকে শ্বাসরোধে হত্যা করে ওসমান। এ ঘটনায় মঞ্জুয়ারার পিতা আমজাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন বলেন, ‘এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’