বগুড়ায় তর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়ায় বন্ধুদের সঙ্গে তর্কের জেরে ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় আকন্দ ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, মঙ্গলবার সকালে হৃদয় তার কয়েক বন্ধুকে নিয়ে ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় সরিষা ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হৃদয় বন্ধুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন নিয়ে তর্কের জেরে এ হত্যাকা- ঘটেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান।