কর্মসূচি প্রত্যাহার

২৬ ঘণ্টা পর ঘুরল ট্রেনের চাকা

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করার পর দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ট্রেন চলাচল। দীর্ঘ ২৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল।

আজ সকালে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। একই স্টেশন থেকে ৮টার দিকে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস।

এছাড়া সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস। 

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, আজ সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস ছাড়ে। এরপরে ৬টা ৫০ মিনিটে মধুমতি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে এবং ৭টায় বনলতা এক্সপ্রেস ছাড়ে। 

যাত্রীরা জানান, রাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানতেন না, তাই সকালে ট্রেনে কিছু আসন ফাঁকা ছিল। তবে রেল ধর্মঘট প্রত্যাহারের ফলে যাত্রীদের ভোগান্তি কমেছে। 

রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে টিকিট বিক্রি নিয়মিতভাবে হচ্ছে এবং ট্রেন চলাচল পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হলেও স্বাভাবিকভাবে চলবে। রংপুর, বগুড়া, সিলেট এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও ট্রেন চলাচল শুরু হয়েছে, ফলে যাত্রীরা স্টেশনগুলোতে আসতে শুরু করেছেন।

জানা গেছে, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যদিও যাত্রীদের ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহারের জন্য সরকারের তরফ থেকে বারবার রেলকর্মীদের প্রতি আহ্বান জানানো হলেও কাজ হয়নি। 

বিষয়টি নিয়ে গতকাল দিনভর দফায় দফায় বৈঠক হলেও রেলের রানিং স্টাফরা অবস্থান থেকে সরেননি। দাবি আদায়ে অনড় ছিলেন তারা। পরে নানা নাটকীয়তা শেষে ওইদিন গভীর রাতে বৈঠকে দাবি পূরণের আশ্বাস আসে। রেল উপদেষ্টার প্রতিশ্রুতির পর গতকাল দিবাগত রাত আড়াইটায় কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।