সকালের ছোট্ট একটি অনুশীলন, যেটি সম্পন্ন হতে সময় নেবে মাত্র পাঁচ মিনিট, বদলে দিতে পারে আপনার জীবন। লিখেছেন এজাজ পারভেজ
ঘুম থেকে উঠে পানি পান করুন
ঘুম থেকে উঠে কোনো কিছু করার আগে পানি পান করুন। অল্পস্বল্প নয়, বড় এক গ্লাস পানি পান করতে হবে আপনাকে। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পর দেহ পানিশূন্য হয়ে পড়ে। পানি পান করার ফলে দেহ পুনরায় বিপাকীয় ক্রিয়া শুরু করে, মাথা পরিষ্কার হতে শুরু করে এবং শরীর দ্রুত সাড়া দেওয়ার উপযোগী হয়। দেহের রাসায়নিক ক্রিয়া গতিশীল করতে এই পানির সঙ্গে যদি একটু লেবুর রস আর এক চিমটি লবণ মিশিয়ে নেন তাহলে তো কথাই নেই। এই এক গ্লাস পানি পানের মাধ্যমে বৃদ্ধি পাবে আপনার মনোযোগ, জীবনী শক্তি এবং সুখানুভূতি।
সচেতনভাবে শ্বাস নিন
পানি পানের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ হয়তো আপনার সময় লাগবে ৬০ সেকেন্ড বা ১ মিনিট। পরবর্তী ৬০ সেকেন্ড সচেতনভাবে শ্বাস নেওয়া ও ছাড়ার জন্য ব্যয় করুন। চার সেকেন্ড ধরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন। ধরে রাখুন চার সেকেন্ড ধরে এবং এরপর চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়–ন। এক মিনিট ধরে এই প্রক্রিয়া চালু রাখুন। এতে আপনি পাঁচবার এই শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এর ফলে স্নায়ুতন্ত্র শান্ত হবে, উত্তেজনা দূর হবে, মনোজগতে ইতিবাহক আবহ তৈরি হবে। এবার আপনি দিনের কাজের পরিকল্পনার জন্য তৈরি।
একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন
তৃতীয় ধাপে আপনি নিজের জন্য আজকের দিনের মধ্যে অর্জন করতে চান, এমন সুনির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোন লক্ষ্যটি অর্জন করতে চাই? লক্ষ্য নির্ধারণ করে সেটি জোরে জোরে বলুন। যেমন আজ আমি গণিত অ্যাসাইনমেন্টের কাজটি শেষ করব বা আজ আমি রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়ে শেষ করব। এই কাজের জন্যও সময় নির্ধারিত ৬০ সেকেন্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করলে তা আমাদের সামগ্রিক সফলতাও বাড়িয়ে দেয়।
হালকা শরীরচর্চা
এরপরের ৬০ সেকেন্ড নির্ধারিত রাখুন শরীর চর্চার জন্য। ভারী কোনো ব্যায়াম করতে হবে না। এটা হতে পারে খালি হাতে কিছু স্বল্প সময়ের অনুশীলন বা চাইলে নিজের পছন্দের গানের সঙ্গে নাচতেও পারেন। এই হাল্কা শরীর চর্চা দেহের রক্ত চলাচল স্বাভাবিক করে, মাংসপেশি এবং মস্তিষ্ককে কাজের উপযোগী করে।
কৃতজ্ঞতা প্রকাশ করুন
এরপরের ৬০ সেকেন্ড কৃতজ্ঞতা প্রকাশ করুন স্রষ্টার কাছে। এটি হতে পারে আপনার সুন্দর পরিবারের জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য কিংবা শুধু এ জন্য যে, ঘুম থেকে উঠতে পেরেছেন এবং সুন্দরভাবে আপনার দিনটি শুরু করতে পারলেন। এই কৃতজ্ঞতা প্রকাশ আপনার মনোজগৎকে ইতিবাচক আবহ দেবে। আর ইতিবাচক আবহ উপহার দেবে ইতিবাচক ফল।