মেডিকেল-ডেন্টাল

৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির দায়িত্বে ৪ মন্ত্রণালয়

চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি  মেডিকেল ও ডেন্টাল কলেজে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে চারটি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা শেষে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়ে বৈঠকে আলোচনার হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংরক্ষিত আসনে ভর্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।