সমকালীন ক্রিকেটে বিখ্যাত ‘ফ্যাব ফোর’ এর একজন স্টিভেন স্মিথ। টেস্টে ৩৫টি সেঞ্চুরি করে ফেলেছেন। সেই স্মিথও নাকি বিশ্বাস করেন কুসংস্কারে। অবশ্য এটা নতুন কিছু নয়। বহু ক্রিকেটারেরই নানারকম কুসংস্কার আছে। এমনকী শচীন টেন্ডুলকারেরও ছিল বলে শোনা যায়। কিন্তু স্মিথের কুসংস্কারটা কী?
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি গল টেস্টে ১৪১ রানের ইনিংস খেলেছেন প্যাট কামিন্সের অবর্তমানে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া স্মিথ। এরপর এক সাক্ষাৎকারে স্মিথের কাছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তথা ধারাভাষ্যকার নাসের হুসেন জানতে চান, তার কুসংস্কার সম্পর্কে।
জবাবে স্মিথ বলেন, ‘অনেকে আমাকে অদ্ভুত বলে। কারণ, আমি ক্রিকেট খেলতে নামি ফুটবলের মোজা পরে। সেই সঙ্গে জুতার ফিতা বাঁধার পর সেটা মোজার সঙ্গে টেপ দিয়ে আটকে রাখি! কারণ, জুতার ওপর কোনো কিছু ঝুলতে থাকাটা আমার পছন্দ না। অবশ্য এজন্য কখনও জুতোর ফিতা খুলে যাওয়ার অজুহাতও দিতে পারি না (হাসি)।’
গল টেস্টে ১০ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন স্মিথ। সিডনিতে ভারতের বিপক্ষে আগের টেস্টে তিনি টেস্ট ক্যারিয়ারের ঠিক ৯৯৯৯ রানে আউট হয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলক ছুঁয়ে সেটা তিনি স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি দিয়ে। আজ তৃতীয় দিন শেষে ৫১৮ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাগড়া না দিলে স্মিথ বাহিনীর সামনে ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ।