কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়া কে এই হিমাংশু?

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

যাকে দেখার জন্য দিল্লির মাঠে হাজার হাজার দর্শক এসেছিলেন, সেই বিরাট কোহলি হতাশ করলেন সবাইকে। এক যুগের বেশি সময় পর প্রথম রঞ্জি ট্রফি খেলতে নেমে আউট হলেন মাত্র ৬ রান করে। যে বোলারের বলে তিনি আউট হয়েছেন, তার পরিচিত নেই বললেই চলে। সেই হিমাংশু সাংওয়ানের বলে কোহলির অফ স্টাম্প ডিগবাজি খেতে খেতে স্লিপের দিকে উড়ে যেতেই ফাঁকা হতে থাকে গ্যালারি।

২৯ বছর বয়সী ডানহাতি পেসার হিমাংশু দিল্লির রেলওয়ে স্টেশনে টিকিট পরীক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদেই খেলেন রেলওয়েজের হয়ে। তার জন্ম বীরেন্দ্র শেবাগের শহর দিল্লির নজফগড়ে। এক সময় দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফি দিয়ে ‘লিস্ট এ’ ক্রিকেটে অভিষেক হয়। সেই বছরই অভিষেক হয় সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রঞ্জি ট্রফিতে।

হিমাংশু এক সময় এমআরএফ পেস ফাউন্ডেশনে অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার প্রশিক্ষণ পেয়েছিলেন। সেটাই তার ক্যারিয়ার বদলে দেয়। ম্যাকগ্রার পরামর্শে বোলার হিসাবে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন হিমাংশু। মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ের মাঠে একবার রঞ্জিতে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলেন। সেটাই তার প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিং।

চলতি ম্যাচের আগে হিমাংশু ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৭৭টি। ‘লিস্ট এ’ ক্রিকেটে ১৭ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। এছাড়া ৭টি টি-টোয়েন্টিতে তার ঝুলিতে ৫ উইকেট আছে। এবারের রঞ্জিতে এখন পর্যন্ত ১৬টি উইকেট নিয়েছেন হিমাংশু, যার একটি আবার বিরাট কোহলির। যদিও আউট হওয়ার আগের বলটিতেই স্ট্রেইট ড্রাইভে চার মেরেছিলেন ভারতের ব্যাটিং কিং। কিন্তু পরের বলেই গড়বড়।

হিমাংশুর এই বলটিও ছিল ফুল লেন্থের। স্টাম্পে থাকা বলটি কোহলি জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু তার ব্যাট এবং পায়ের মাঝে ফাঁক দিয়ে বল আঘাত হানে অফ স্টাম্পে। ঘুরতে ঘুরতে অফ স্টাম্পটা গিয়ে পড়ে কিছুটা দূরে। ফর্মে না থাকা কোহলি মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন। আর কোহলির উইকেট শিকারীদের তালিকায় নাম উঠে যায় অখ্যাত এক পেসার হিমাংশুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত