নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু রক্ষায় মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি’।
গতকাল শুক্রবার সকালে পানাম এলাকায় ধ্বংসপ্রায় পানাম সেতুর পাশে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব, মিজানুর রহমান, সদস্য সচিব রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহসভাপতি ফজলে রাব্বী সোহেল, রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও লতা মাহমুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদকর্মী জহিরুল ইসলাম জহির, ক্রীড়ানুরাগী নাইম ভূঁইয়া, সংগঠক খাদিজা আক্তার, রাসেল আহমেদ, শীতল চন্দ্র, শিক্ষার্থী আদেল রহমান, আলভী আহমেদ, পরশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। দেশ-বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে পঙ্খীরাজ খালের ওপর নির্মিত মুঘল আমলের পানাম সেতুটির এখন জরাজীর্ণ অবস্থা। অযত্ন-অবহেলা ও সংরক্ষণের অভাবে সেতুটি ধ্বংসের দ্বারপ্রান্তে। দ্রুত এ ঐতিহাসিক সেতুটি সংস্কার করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আহ্বান জানানো হয়।