কুমিল্লায় আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে গৌরীপুর-হোমনা সড়কের পাশে উপজেলার কড়িকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৬ বছর আগে গৌরীপুর-হোমনা সড়কের পাশে সড়ক ও জনপথের জায়গায় ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়ে তিতাস উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা-ঢাকা দেন। এরপর থেকে তিতাস উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি বন্ধ থাকে। গত বুধবার রাতে কার্যালয়টির ইটের দেয়াল ভেঙে টিনসহ ভেতরে থাকা চেয়ার, টেবিল ও আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। একইসঙ্গে  কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া মোবাইলফোনে বলেন, ‘দুষ্কৃতকারীরা রাতের আঁধারে কার্যালয়টির ইটের দেয়াল ভেঙ্গে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন, ‘সওজের পরিত্যক্ত জায়গায় ২০১০ সালের শেষের দিকে আমার নিজের টাকায় অফিসটি করেছিলাম। অফিসটি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ভেঙে দিলে কিছু বলার নাই। কিন্তু কোনো বেসরকারি লোক করে থাকলে তা অবশ্যই নিন্দনীয়।’