নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত জায়গা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পাশে ময়লার ভাগাড় থেকে নবজাতককে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় সুরুজ মিয়া বলেন, ‘ময়লার ভাগাড়ে শিশুর কান্না শুনে কয়েকজন এগিয়ে গিয়ে দেখি সেখানে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়।’
সোনারগাঁ থানার ওসি আব্দুর বারী বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।’
সোনারগাঁ উপজেলা সমাজসেবাকর্মী লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাই। পরে নবজাতকটিকে উপজেলা সমাজসেবা অফিসের আওতায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।’
নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নূর ফারজানা বলেন, গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আদালতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই শনিবার (আজ) উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।