কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাকিল আহমেদ সবুজ নামে এক শিক্ষার্থীকে অপহরণের চার ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তিনি আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল শুক্রবার ভোরে নগরীর তোয়া হাউজিং এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় নাহিদ (২০) নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক নাহিদ কুমিল্লার সাতোরা এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি।
জানা যায়, শুক্রবার রাতে টিউশন শেষ করে কুমিল্লা শহর থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন শাকিল। অপহরণকারীরা আগে থেকেই ওই গাড়িতে অবস্থান নেয়। গাড়ি ভুল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বিষয়টি বুঝতে পেরে অটো থেকে লাফ দিয়ে অন্য একটি অটোতে উঠলে তারাও শাকিলের পিছু নেয়। তারা ওই গাড়িতে উঠে শাকিলের পেটে ছুরি ধরে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে আটকে রাখে। পরে শাকিলের মোবাইল ফোন থেকে কল দিয়ে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আমরা অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। অপহরণকারীদের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চলছে।’