ফিক্সিং বিতর্কে মুখ খুললেন বিজয়, 'অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা'

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং বিতর্ক ঘিরে নতুন মোড় নিয়েছে এনামুল হক বিজয়কে ঘিরে। কয়েকটি গণমাধ্যমে তার নাম সন্দেহভাজনদের তালিকায় রয়েছে বলে খবর প্রকাশিত হয়। এরপরই তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন ছড়ায়। তবে রাজশাহীর এই উইকেটরক্ষক ব্যাটার সকল অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, আইনি পথে হাঁটার পরিকল্পনা করছেন।

দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিজয় বলেন, '(অভিযোগগুলো) মিথ্যা তো মিথ্যাই, এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আমি বিব্রত, কষ্ট পাচ্ছি। এত বছর আল্লাহকে হৃদয়ে ধারণ করে ক্রিকেট খেলেছি, বিপিএল ও জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছি। এখনো বাংলাদেশ দলে ফেরার স্বপ্ন দেখি। তাহলে এত পরিশ্রমের মানে কী? যদি শেষ পর্যন্ত এই ধরনের অভিযোগ শুনতে হয়, তাহলে কষ্ট তো লাগবেই।'

গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, 'আমাদের মিডিয়া একটা মানুষকে হেয় করে কি মজা পাচ্ছে ভিউয়ের জন্য? সবার পরিবার, বন্ধু-বান্ধব আছে। স্ত্রী, সন্তানও আছে। এই সংবাদগুলো করে আসলে কি মজা পাচ্ছে?'

ফিক্সিং সন্দেহের তালিকায় নাম আসার পর থেকেই বিজয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু)-এর সঙ্গেও যোগাযোগ করছেন। তার ভাষ্য, 'বিসিবি বা আকসু যে কোনো ক্রিকেটারকে ডাকতে পারে, কথা বলতে পারে। এর মানে এই না যে, সে অপরাধী। বিসিবির কেউ আমাকে এখনো কিছু জানায়নি।'

তিনি বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও কথা বলেছেন, 'আমি ফাহিম স্যারের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, ঠিক আছে, আমি বিসিবিতে যাচ্ছি, দেখি কী করা যায়।’

বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার খবরও ছড়িয়েছে গণমাধ্যমে। তবে তিনি জানালেন, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না, 'কেউ আমাকে কিছু জানায়নি যে, আমি দেশত্যাগ করতে পারব না বা আমি এটার মধ্যে জড়িত। আমি আসলে এসব দেখে অবাক হচ্ছি—কেন এগুলো হচ্ছে?'

বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আইনি পথে হাঁটবেন, 'শুক্রবার ও শনিবার অফিস বন্ধ ছিল, তাই কিছু করা সম্ভব হয়নি। তবে রবিবার (২ ফেব্রুয়ারি) আমি আইনজীবীর সঙ্গে কথা বলব। একটা বড় পদক্ষেপ নেবই। কারণ যেভাবে নেগেটিভ নিউজ হয়েছে, একে পজিটিভ করা অনেক কঠিন। কারণ মানুষ নেগেটিভটাই শুনতে পছন্দ করে। এখন আমার জন্য এটা পরিষ্কার করা জরুরি যে, আসলে কী ঘটছে।'

বিপিএলের এবারের আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন বিজয়, হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি। তাকে চাপমুক্ত রাখতে দলের শেষ কয়েকটি ম্যাচে নেতৃত্ব বদলানো হয়। ইতোমধ্যে রাজশাহী প্লে-অফ নিশ্চিত করেছে।

এখন দেখার বিষয়, ফিক্সিং বিতর্কের এই চাপ সামলে কেমন খেলেন বিজয়, আর কী সিদ্ধান্ত নেয় বিসিবি!