বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের সামনে সমীকরণ ছিল সোজা—জিতলেই প্লে-অফ, হারলেই বিদায়। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বাঁচা-মরার এই লড়াইয়ে খুলনার বোলাররা প্রথমেই নিয়ন্ত্রণ নিয়ে নেন। কম রানে ঢাকাকে আটকে দিয়ে ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দেন তারা। আর সেই কাজ শেষ করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়ে খুলনাকে ৬ উইকেটের সহজ জয় এনে দেন।
এই জয়ের ফলে বিপিএল ২০২৫-এর প্লে-অফ লাইনআপ চূড়ান্ত হলো, যেখানে খুলনা টাইগার্স চতুর্থ দল হিসেবে জায়গা করে নিল। অন্যদিকে, সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে থেকে দুর্বার রাজশাহী বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। তবে তাদের ইনিংস একেবারেই ছন্দহীন ছিল। খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান করতে পারে তারা।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন তানজিদ হাসান তামিম, তবে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ, যিনি ৪ ওভারে ১ মেইডেন ৫ রান দিয়ে উইকেট নেন দুটি।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার ব্যাটাররা শুরুতে কিছু উইকেট হারালেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখেই খুলনা জয় নিশ্চিত করে।
৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় মিরাজ অপরাজিত থাকেন ৭৪ রানে। তার সঙ্গে অ্যালেক্স রস গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যিনি কার্যকরী ২২ রানের ইনিংস খেলেন।
এই জয়ে ১২ ম্যাচে ৬ জয় ও ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ পর্ব শেষ করল খুলনা টাইগার্স। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও দুর্বার রাজশাহী নেট রানরেটে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে থেকে বিদায় নিল।
প্লে-অফে পৌছানো শীর্ষ চার দল হচ্ছে— রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এখন দেখার পালা, কারা ফাইনালের টিকিট কাটতে পারে!
কিংয়ের জাদুতে অজিদের ইংলিশ বধ
বৃষ্টি বাগড়া পেরিয়ে গলে দাপুটে জয় অস্ট্রেলিয়ার