শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউতে) নেওয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ সংগীতশিল্পীকে এইচডিইউতে নেওয়া হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে ভোরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
এর আগে শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিক তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া শেষে ছেড়ে দেওয়া হয়।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।