যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধ

চাকরি হারালেন আইসিডিডিআরবির সহস্রাধিক কর্মী

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রেও (আইসিডিডিআরবি)। দেশটির অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ায় সংস্থাটির অনেকগুলো প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এসব প্রকল্পে কর্মরত কর্মীদের চাকরি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এক হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। যারা এই চিঠি পেয়েছেন, তারা মূলত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত কর্মসূচিতে কাজ করতেন। এসব কর্মকর্তা ও কর্মচারীদের সবার চাকরি ছিল চুক্তিভিত্তিক।

গতকাল শনিবার আইসিডিডিআর, বির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশনস) একেএম তারিফুল ইসলাম খান এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। তবে সেই বিজ্ঞপ্তিতে অবশ্য কর্মীদের চাকরিচ্যুতির বিষয়ে কিছু বলা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণাসমূহ পরের নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রেখেছি। আমাদের সেবা গ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারব।’

আইসিসিডিআর, বির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, অর্থ পাওয়া না গেলে কিছু প্রকল্প চালু রাখা সম্ভব না। যাদের চাকরি যাচ্ছে, তারা সবাই প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মী। চুক্তির মেয়াদ অনুযায়ী তাদের চাকরিচ্যুতির দিনক্ষণ গণনা হবে। তবে এসব প্রকল্প বন্ধ হয়ে গেছে, সেটা বলা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার ৯০ দিন সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে পর্যালোচনা করে প্রতিষ্ঠানভিত্তিক অর্থ সহায়তা বন্ধ বা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প সরকার দেখবে তার আগের সরকারের সময় নেওয়া এসব প্রকল্প তার সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।