বইমেলায় প্রকাশিত বইয়ের পা-ুলিপি যাচাই সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রকাশিতব্য বইসমূহ আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।’
গতকাল শনিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রকাশিতব্য বই যাচাই-বাছাই সম্পর্কে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য একাডেমিকে অনুরোধ করা হয়। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইসমূহ আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরার্মশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।
ডিএমপি বলছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনির মতো সৃজনশীল কর্মকা-কে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। অতএব, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো।
গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম। সেখানে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, এর আগে বইয়ের কন্টেন্ট নিয়ে মেলায় সমস্যা হয়েছে, এমন পরিস্থিতি এড়াতে পুলিশের কোনো উদ্যোগ আছে কি না? তখন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, আমরা বাংলা একাডেমির কর্মকর্তাদের অনুরোধ করেছি, এমন বই যেন মেলায় না আসে, যেখানে উসকানিমূলক কথা বা লেখা আছে।