নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাশবনের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০টি ককটেলসহ ৩টি ধারালো ছোরা ও কাটার উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কোম্পানির ভেতর থেকে ঘাস কেটে ফেরার সময় কাশবনের ঝোঁপের মধ্যে পলিথিনে মোড়ানো অনেকগুলো ককটেল সদৃশ বস্তু দেখে সরকারি পরিষেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুসহ ৩টি ধারালো ছোরা, একটি তালা কাটার মেশিন ও ২টি রড উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২টার দিকে দলটি ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।