আলী রীয়াজ বললেন

’৭২-এর সংবিধানেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করা হয়

সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেছেন, ১৯৭২ সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করা হয়। সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক করা হয়। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে ফিরে আসে। 

গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের মিলনায়তনে ‘সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান-পরবর্তী  বাংলাদেশ : সুশাসন ও গণতন্ত্র’ শীর্ষক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘শুধু ব্যক্তির অবসান নয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের পরিবর্তনের যে আকাক্সক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নে সব রাজনৈতিক দলগুকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই পথ।’

মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান। সাংবাদিক ও মিডিয়া সাপোর্টের আহ্বায়ক জিমি আমির, মানবাধিকারকর্মী আবু মুহাম্মদ নিপার এবং সিডিজিজির পরিচালক সোয়ালেহীন করিম চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ও রাষ্ট্রচিন্তক ড. মো. রাকিবুল ইসলাম।