আলোচনা সভায় রিজওয়ানা

সেন্টমার্টিনকে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে। অনাবশ্যক, ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প। সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন, তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছেÑ দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে, তারা বলছে ,২০৪৫ সালের মধ্যে সেন্টমার্টিন ডুবে যাবে, যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি। সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন।’ 

তিনি বলেন, ‘আট  হাজার মানুষের দ্বীপে পর্যটনের নামে দিনে ১০ হাজার লোক ঢুকাবেন। আপনি ওই দ্বীপের বাসিন্দা হলে আপনার কেমন লাগত? যাদের হয়ে প্রশ্ন করছেন, সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেল মালিকরা, তারা কি সেন্টমার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করব সেন্টমার্টিনে। স্থানীয় জনগণকেন্দ্রিক যখন পর্যটন হবে, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না।’

এ সময় তিনি রাতারগুলের উদাহরণ তুলে ধরে বলেন, স্থানীয়কেন্দ্রিক পর্যটন হওয়ায় রাতারগুল কিন্তু ধ্বংস হয়নি।