চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল

দীর্ঘ পাচ মাস কমিটি শূন্য থাকার পর অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়াকে আ্‌হ্বায়ক ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। বিগত আহ্বায়ক কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে লেয়াকত আলী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। এদের মধ্যে লেয়াকত আলী বিগত কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও মিশকাতুল ইসলাম চৌধুরী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।

প্রসঙ্গত, রাতের আধারে এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নিতে সহযোগিতার অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। একই সঙ্গে কমিটির তৎকালীন আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও সদস্য এস এম আল মামুনের সদস্যপদ স্থগিত করে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরবর্তীতে নোটিশের জবার দেওয়ার পর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়।