সিলেট

বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল এক পরিবারের তিন সদস্যসহ চারজনের

নারায়ণগঞ্জ থেকে সিলেটে বেড়ানোর উদ্দেশ্যে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল গ্রামের গাড়ি চালক সুহেল মিয়া (৪০), শামীমা বেগম (৩৫), ইতি বেগম (৩০) ও আয়ান (৭)। নিহত দুই নারী ও শিশু আয়ান একই পরিবারের সদস্য। ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেলের এএসপি মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতসহ সিলেটে বেড়ানোর জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি পরিবারের সদস্যরা প্রাইভেটকারযোগে (নং- ঢাকা মেট্রো গ ২৯-৬৮৩০) সিলেটের উদ্দেশে রওয়ানা দেন। ওসমানীনগর উপজেলার উনিশমাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাক (নং- ঝিনাইদহ ট-১১-০৮৫৭) এর সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আরও ২ জন মারা যান। নিহত সকলেই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠায়।