কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জেলার পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ইমেইল ও ডাকযোগে কুমিল্লার পুলিশ সুপার বরাবর এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে (৪০) তার বাড়ি থেকে আটক করে যৌথবাহিনী। গত শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন ছিল।