বিপিএল অভিষেকে ৫ উইকেট পাওয়া কে এই মোহাম্মদ আলি

গত বছর পাকিস্তান সফরের কথা সবারই মনে থাকার কথা। ওই সফরেই যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই সিরিজের দুটি টেস্টেই পাকিস্তানের একাদশে ছিলেন এক অখ্যাত পেসার। এমনকি প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেনও তিনি। তার নাম মোহাম্মদ আলি।

পাকিস্তানের এই পেসারকেই ফাইনালের আগের ফাইনাল ম্যাচে একাদশে নেয় ফরচুন বরিশাল। সারপ্রাইজ প্যাকেজ আলিও প্রতিদান দিয়েছেন দলের সিদ্ধান্তের। ২৪ রানে ৫ উইকেট শিকার করে চিটাগং কিংসকে থামিয়ে দিয়েছেন ১৪৯ রানে।  দ্বিতীয় বোলার হিসেবে বিপিএল অভিষেকে পাঁচ উইকেট শিকারের এ কীর্তি গড়লেন আলি।

চিটাগংয়ের ১৪৯ রানের পেছনে কৃতিত্ব শামিম হোসেন ও পারভেজ ইমনের। শামিম ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন। ইমন করেন ৩৬ বলে ৩৬ রান। এছাড়া তাদের আর কেউ দুই অংক ছুঁতে পারেননি।  

৩২ বছরের আলি পাকিস্তানের হয়ে ৪ টেস্টে ৬ উইকেট শিকার করেছেন। ফার্স্ট ক্লাসে তার উইকেট রয়েছে ১৭৪টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। যেখানে পিএসএলে ১২ ম্যাচে ১৯ উইকেট রয়েছে তার।