লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে স্ট্রোক করে বর জাহিদুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার তুষভা-ার এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রী নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান জাহিদুল। পরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভা-ার বাজার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা স্বজনরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা গ্রাম পুলিশ পাঠিয়েছি। নববিবাহিত বর বিয়ের রাতেই মারা গেছেন, যা সত্যিই হৃদয়বিদারক।’ কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’