নুরুজ্জামান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আসামি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়। অপর মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগম ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ২৫টি ব্যাংক হিসাবে ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অপরাধে সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে আসামি করা হয়।  তৃতীয় মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদ বাবার ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার ১০টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়।