আশুলিয়ায় চাঁদা না পেয়ে গোডাউন ভাঙচুর-লুটপাট

সাভারের আশুলিয়ায় বিভিন্ন সময়ে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর গোডাউনে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই প্রতিষ্ঠানের লোকজনকে মারধরসহ অফিস থেকে ৭ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী মো. হানিফ মিয়া। এর আগে রবিবার বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট সোনিয়া মার্কেট এলাকার মো. লতিফের ভবনের নিচতলায় ভাই ভাই এন্টারপ্রাইজে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মামলায় আসামিরা হলেন জসিম উদ্দিন, মো. উজ্জ্বল ভূঁইয়া, মোজাম্মেল ভূঁইয়া, জয় ভূঁইয়া ও মো. সুজনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার মধ্য গাজীরচট সোনিয়া মার্কেট এলাকায় স্থানীয় লতিফের ভবনের নিচতলা ভাড়া নিয়ে গার্মেন্টস স্টক লটের ব্যবসা করে আসছেন মো. হানিফ মিয়া। কিছুদিন ধরে হামলাকারীরা বিভিন্ন অজুহাতে তার প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে আসছিল।