ইসরায়েলের গাজা আক্রমণ নিয়ে একটি পোস্ট রিটুইট করে বিপাকে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালর। ফিলিস্তিনিদর পক্ষ নেওয়ায় তার চাকরি চলে যায়। এই ঘটনার পর পিটারের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। তিনি স্পষ্ট করে বলেছেন, পিটারের সঙ্গে অন্যায় করা হয়েছে।
ঘটনা অস্ট্রেলিয়া দলের চলতি শ্রীলঙ্কা সফরের সময়কার। এই সিরিজে সফরে ‘এসইএন রেডিও’তে ধারাভাষ্য দিচ্ছিলেন ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকার সাবেক এই প্রধান ক্রিকেট সাংবাদিক। সেসময় সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিন ইস্যুতে একটি পোস্ট রিটুইট করেন পিটার। এতেই বেচারার চাকরি চলে যায়। পিটারের টুইটে ইহুদি বিদ্বেষ ছড়াবে মর্মে অভিযোগ এনে তাকে বরখাস্ত করে এসইএন রেডিও।
চাকরি হারানোর কারণ নিয়ে পিটার বলেছেন, ‘আমাকে বলা হয়েছে আমার রিটুইটটা একপাক্ষিক ছিল। আর সেটা নাকি একপক্ষের জন্য স্পর্শকাতর বিষয়। সেই পক্ষই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।’
এবার পিটারের পক্ষ নিয়ে ইনস্টাগ্রামে খাজা লিখেছেন, ‘গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানেই ইহুদি-বিদ্বেষ নয়। এটি অস্ট্রেলিয়ায় আমরা ইহুদি ভাই-বোনদের বিরুদ্ধে কোনো আক্রমণও নয়। এটা তো শুধু ইসরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয় এটি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সব সময়ই চলে আসছে।’