বিপিএলে আবারও উঠল সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। আলিস আল ইসলামের পর এবার চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের পর আম্পায়াররা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সেটা ছিল লিগ পর্বের শেষ ম্যাচ, যাতে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানে জয় পায় চিটাগং কিংস। ম্যাচটিতে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন সানি। বিসিবি সূত্রে জানা গেছে, সানিকে নিয়মানুযায়ী ৭ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তার আগ পর্যন্ত তিনি খেলে যেতে পারবেন।
এর আগে গত মাসে চিটাগং কিংসের ‘রহস্য স্পিনার’ খ্যাত আলিস আল ইসলামের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়ররা। অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। যে পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। তবে তিনি বোলিং করে যাচ্ছেন। বিপিএল শুরুর আগে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছিল। অ্যাকশনের পরীক্ষা দিয়ে তিনি পাস করতে পারেননি।
আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার এবং তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং পরীক্ষায় পাস করতে না পেরে দুজনেই নিষিদ্ধ হয়েছিলেন। পরে অ্যাকশন শুধরে দুজনেই বোলিংয়ের অনুমতি পান।
‘নতুন বোলার’ মোহাম্মদ আলীকে ছয় মাস আগেই দলে নেন তামিম
নিজেকেই সেরা ঘোষণা করলেন রোনালদো