২০১৮ সালের কুখ্যাত বল টেম্পারিং কেলেঙ্কারি বা 'স্যান্ডপেপারগেট' বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় বড়সড় ধাক্কা খেলেন অস্ট্রেলিয়ার দুই সাবেক ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। চলমান তুমুল বিতর্কের জেরে জনপ্রিয় সম্প্রচারমাধ্যম 'ফক্স ক্রিকেট'-এর ধারাভাষ্য প্যানেল থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে।
গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে স্যান্ডপেপারগেট ঝড় নতুন করে বইতে শুরু করেছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত খাজা ও ওয়ার্নারকে প্রচারের আলো থেকে দূরে রাখাই শ্রেয় বলে মনে করছে ফক্স স্পোর্টস কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ তারা আবার ধারাভাষ্য কক্ষে ফিরবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
এ বিষয়ে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি 'কোড স্পোর্টস'-কে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহের জন্য উসমান এবং ডেভি (ওয়ার্নার)—দুজনকেই আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা সবসময়ই আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের পাশে থাকি এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেওয়ার যে প্রচণ্ড চাপের মধ্যে তারা আছেন, সেটিও আমরা বুঝতে পারছি।’
ক্রলি আরও যোগ করেন, ‘বর্তমান পরিস্থিতিতে খেলার ওপর পুরোপুরি মনোযোগ ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। দুজন ধারাভাষ্যকারকে এমন অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলাটা অন্যায় হবে বলে আমরা মনে করি। দর্শকদের অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালীন ক্রিকেটের সেরা সম্প্রচার উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’
বিতর্কের সূত্রপাত যেভাবে উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’ প্রকাশের পরই মূলত পুরোনো এই বিতর্ক নতুন করে জ্বলে ওঠে। বইটিতে খাজা দাবি করেন, ২০১৮ সালের সেই বল টেম্পারিং পরিকল্পনার কথা শুধু ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; দলের আরও অনেকেই বিষয়টি জানতেন।
তবে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স খাজার এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে অভিহিত করেন। কামিন্সের এমন মন্তব্যের পর আগুনে ঘি ঢালেন ক্যামেরন ব্যানক্রফট। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, দলের বৃহত্তর একটি অংশ এই বিষয়টি জানত এবং কামিন্সসহ বোলাররা বলের অবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছিলেন। কামিন্সের সংবাদ সম্মেলনই তাকে মুখ খুলতে বাধ্য করেছে বলে জানান ব্যানক্রফট।
এদিকে, এই বিতর্কের জেরে প্যাট কামিন্সের অধিনায়কত্ব হারানোর শঙ্কা তৈরি হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া তার পাশেই দাঁড়িয়েছে। পাশাপাশি সতীর্থ পেসার জশ হ্যাজেলউডও কামিন্সকে সমর্থন দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, কামিন্সকে জোর করে অধিনায়কত্ব থেকে সরানো হলে অস্ট্রেলিয়া দলে রীতিমতো বিদ্রোহ দেখা দেবে।
স্যান্ডপেপার ব্যবহারের কথা অস্বীকার করলেন লেম্যান
এদিকে, বল টেম্পারিংয়ের কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন- ক্যামেরন ব্যানক্রফটের এমন দাবির পরও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ ড্যারেন লেম্যান তা অস্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত নিবন্ধে ব্যানক্রফট দাবি করেন, ২০১৮ সালের কেপটাউন টেস্টে ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময়ও স্যান্ডপেপার ব্যবহারের আলোচনা হয়েছিল। তিনি লেখেন, "আমার মনে আছে বোলিং কোচ ডেভিড স্যাকার সেই আলোচনায় যুক্ত ছিলেন এবং কোচ ড্যারেন লেম্যানও সেখানে উপস্থিত ছিলেন। চাপের মুখে ডেভিড ওয়ার্নার বলের একপাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন।" কিন্তু শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানক্রফটের এই দাবি নাকচ করে দেন লেম্যান। তিনি বলেন, ‘না... আমি জানতাম না। তবে হ্যাঁ, স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।’ চা-বিরতির সেই আলোচনার বিষয়ে জানতে চাইলে লেম্যান বলেন, ‘সাড়ে আট বছর আগের সেই আলোচনায় আমি উপস্থিত ছিলাম কি না, তা আমার মনে নেই। যারা সেখানে ছিল তাদের জিজ্ঞেস করতে পারেন। আমার নিজস্ব বক্তব্য আছে এবং আমি তাতেই অনড়।’
ব্যানক্রফট তার লেখায় আরও উল্লেখ করেছিলেন, মাঠে জায়ান্ট স্ক্রিনে স্যান্ডপেপার ধরা পড়ার পর পিটার হ্যান্ডসকম্ব মাঠে এসেছিলেন এবং লেম্যান ওয়াকিটকির মাধ্যমে সে বিষয়ে কথা বলেছিলেন। এর জবাবে লেম্যান জানান, ‘সেটি ছিল ঘটনা ঘটে যাওয়ার পরের বিষয়, তখন তা টিভিতে দেখানো হয়ে গেছে। এটি ক্যামেরনের নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমার মত ভিন্ন।’
২০১৮ সালের আনুষ্ঠানিক তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও কয়েক দিন পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন লেম্যান। শনিবার তিনি নিশ্চিত করেন যে, তাকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। দলের সংস্কৃতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, ‘মানুষ বলে আমি নাকি কিছু হারাইনি। অথচ আমি বিশ্বের সেরা চাকরিটি হারিয়েছি। যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। কোচ হিসেবে সবকিছু দেখা বা জানা সম্ভব নয়, তবে হয়তো আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিষয়টি এতদূর গড়ানো আমারই ব্যর্থতা।’
হাসানের পর চোটে ছিটকে গেলেন মুশফিকও