এইচআরএসএসের প্রতিবেদন

জানুয়ারিতে ১২৪ রাজনৈতিক সহিংসতা

গত জানুয়ারি মাসে দেশে কমপক্ষে ১২৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত ও কমপক্ষে ৯৮৭ জন আহত হয়েছে। নিহত ১৫ জনের মধ্যে বিএনপির ৮ এবং আওয়ামী লীগের ৬ জন। আর এসব সহিংসতার ৬৮টি ঘটনা ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে, যাতে ৫ জন নিহত ও ৬৭৭ জন আহত হয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক মো. ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এ প্রতিবেদন গত সোমবার প্রকাশিত হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের আশা থাকলেও এর প্রকৃত অবস্থা হতাশাজনক। মাস জুড়ে রাজনৈতিক সহিংসতা, হেফাজতে ও নির্যাতনে মৃত্যু, গণপিটুনিতে হত্যা, নারী ও শিশু নির্যাতন, পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলা, সীমান্তে হত্যা ও নির্যাতন, দেশের বেশ কয়েকটি জায়গায় মাজারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে।