হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। কয়েক মাস আগেও তাদের ধারাবাহিক পারফর্মেন্স সবার মন জয় করে নিত। চিন্তায় ফেলত প্রতিপক্ষকে। সেই ম্যান সিটি এখন যেন জিততে ভুলে গেছে! দলের এমন পারফর্মেন্সের পেছনে কয়েকজন তারকার চোটের কথা বলছেন অনেকে। তবে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করেন, সিটি কোচ পেপ গার্দিওলার ব্যক্তিগত জীবন প্রভাব ফেলেছে দলে।
সম্প্রতি কারণ স্ত্রী ক্রিস্তিনা সেরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে গার্দিওলার। তাদের মাঝে অনেকদিন ধরেই সংকট চলছিল। স্কাই স্পোর্টসকে অঁরি বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি ও পেপের সঙ্গে যা ঘটছে, এর জন্য কি আমি দুঃখিত? হ্যাঁ, একটা দিক থেকে অবশ্যই। ফুটবলের বাইরে পেপকে যা কিছু সামলাতে হয়েছে, তা সামলানো সহজ নয়। যখন আমি বার্সেলোনায় যোগ দিই, তখন আমাকেও এটার (বিচ্ছেদ) মধ্য দিয়ে যেতে হয়েছে। যখন আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, তখন এ ধরনের বিষয় মোকাবিলা করা সহজ নয়।’
১৯৮৯ সালে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্তিনা সেরার সঙ্গে পরিচয় হয়েছিল গার্দিওলার। ১৯৯৪ সাল থেকে এক ছাদের নিচে বসবাস শুরু। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। কিন্তু সম্প্রতি তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। স্প্যানিশ গণমাধ্যমের মতে, গার্দিওলার ইংল্যান্ডে কোচিং করানো মেনে নিতে পারেননি ক্রিস্তিনা। তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে থাকতে চেয়েছিলেন।
অঁরি আরও বলেছেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি স্বাভাবিক অবস্থায় নেই। যখন প্রতিনিয়ত আপনাকে পারফর্ম করতে হয়, তখন আসলে কেউই এটার মধ্য দিয়ে যেতে চাইবেন না। ব্যাপারটা আমি বুঝতে পারছি। এখন যদি আপনি আবার মাঠে নামেন, এর ফল যথেষ্ট ভালো হবে না। কোনো দল সিটির বিপক্ষে ৯০ মিনিট ধরেই চোখে চোখ রেখে লড়াই করলে তারা সেই চাপ সামলাতে পারবে বলে মনে হয় না।’