জ্যাক ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটার: পন্টিং

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

সর্বকালের সেরা ক্রিকেটার বলতেই একটা নাম ভেসে ওঠে- স্যার ডন ব্র্যাডম্যান। এছাড়া গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকারসহ কত নামই তো উঠে আসে তর্কের খাতিরে। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিসই সর্বকালের সেরা।

অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক মার্ক হাওয়ার্ডের ইউটিউব চ্যানেলে পন্টিং বলেন, ‘জ্যাক ক্যালিস এখন পর্যন্ত খেলা সেরা ক্রিকেটার। এ নিয়ে অন্যরা কে কী বলল, সেটার তোয়াক্কা করি না। জ্যাক ক্যালিসই আমার কাছে শেষ কথা। ১৩০০০ রান—৪৪ বা ৪৫টি টেস্ট সেঞ্চুরি এবং ৩০০ (টেস্ট) উইকেট। ওর ক্যারিয়ারটা অসাধারণ। আপনি ৩০০ টেস্ট উইকেট নিতে পারেন এবং ৪৫টি টেস্ট সেঞ্চুরি করতে পারেন। কিন্তু একই সঙ্গে দুটিই করা আশ্চর্যজনক ব্যাপার। জ্যাক দুটিই করেছে।’

দক্ষিণ আফ্রিকার এই সাবেক মহাতারকা জাতীয় দলের হয়ে ১৬৬ টেস্ট, ৩২৮ ওয়ানডে ও ২৫ টি–টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৪৯.১০ গড়ে রান করেছেন ২৫ হাজার ৫৩৪। ফিফটি ১৪৯টি, সেঞ্চুরি ৬২টি। ৩২.১৪ গড়ে মোট আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ৫৭৭টি। টেস্টে রেকর্ড ২৩ বার ম্যাচসেরা হয়েছেন। ২০০৫ সালে হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। জায়গা পেয়েছেন হল অব ফেমে। ৮বার আইসিসির বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন।

৬৭টি আন্তর্জাতিক ম্যাচে পন্টিং আর ক্যালিসের মুখোমুখি লড়াই হয়েছে। পন্টিং আরও বলেন, ‘স্লিপে সে প্রথাগত ফিল্ডারদের মতো ছিল না, স্লিপে কোনো ক্যাচই ফেলেনি। তার একধরনের মজার কৌশল ছিল, সবই ধরত। আমার মনে হয়, সে–ই সেরা এবং তাকে সবচেয়ে কম মূল্যায়ন করা হয়। কারণ, তাকে নিয়ে খুব বেশি কথা হয় না বললেই চলে। সম্ভবত তার ব্যক্তিত্ব ও চরিত্রের কারণে। সে নিজেকে জাহির করে না। মিডিয়ার সামনে খুব বেশি যায় না। এ কারণে সে কিছুটা ভুলে যাওয়া মানুষদের একজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত