কাশ্মির ইস্যুর সমাধান চান শেহবাজ

প্রায় ৮ দশক ধরে চলমান কাশ্মির সংকট সমাধানে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সঙ্গে রাজ আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মিরের পূর্বের স্বায়ত্বশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শেহবাজ। 

গতকাল বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরের বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দিয়েছেন শেহবাজ। সেখানে তিনি বলেন, ‘আমরা কাশ্মিরসহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত ২০১৯ সালের ৫ আগস্টের চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসংঘে প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা।’

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা ঘটে। এতে নিহত হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার মূল হোতা ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মোহাম্মদ।

এ ঘটনার ৬ মাস পর ৫ আগস্ট পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সে ধারাটিতে জম্মু এবং কাশ্মিরকে ‘স্বায়ত্বশাসিত রাজ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু-কাশ্মিরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।