গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওয়ালিদ খান (১৯) ও সিয়াম মোল্লা (১৯)। তারা দুজনেই কাশিয়ানীর রামদিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদকে মৃত ঘোষণা করেন। অপর আহত সিয়ামকে আশঙ্কাজনকভাবে ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়।
ওসি মীর সাজেদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বেরোবিতে গুড়িয়ে দেওয়া হলো মুজিবের ম্যুরাল