আজও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকার বাতাসের মান ধীরে ধীরে খারাপই হচ্ছে। বাতাসের মানোন্নয়নে কোনো সুখবরও দিতে পারছে না সরকার। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা।

আজ সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২৯৫ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। একই সময়ে ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা। যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, দূষিত শহরের তালিকায় আজ ঢাকার পরেই রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও উজবেকিস্তানের তাসখন্দ শহর। তাদের একিউআই স্কোর যথাক্রমে ১৯৫, ১৭৮ ও ১৭২।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।