বেরোবিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা হলের নাম পরিবর্তন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। দুই হলের নতুন নাম দিয়েছে বিজয়-২৪ হল ও শহীদ ফেলানী হল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শেখ হাসিনার ফেসবুক লাইভে এসে ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাত ১০টায় মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দুই হলে গিয়ে নাম ফলক ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বঙ্গবন্ধু হলে গিয়ে সেখানের নাম ফলক ভেঙে নতুন নাম দিয়ে পরবর্তীতে ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে ছাত্রীদের অনুপস্থিতেই গেটের সামনে গিয়ে হলের নামফলক ভাঙচুর করে নতুন নামকরণ করে শহীদ ফেলানী হল এবং পরবর্তীতে ম্যুরালে এসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত স্থাপনা ভাঙতে থাকে এবং নতুন নাম দেয় মুক্তমঞ্চ। 

শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনার পরিবারের নাম এবং মুজিব বন্দনা আমরা নিশ্চিহ্ন করে দিতে চাই। এই ফ্যাসিস্ট হাসিনাদের কোনো কিছুই আমরা রাখব না তাই আমরা এখানে এসেছি এবং হলগুলোর নতুন নামকরণ করেছি।

এ সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা খোকন দেশ রূপান্তরকে বলেন, ফ্যাসিস্ট হাসিনা শতশত খুন করে পালিয়ে গিয়ে এখন ফেসবুকে এসে ছাত্রদের বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে। ছাত্র-জনতা তা মানতে পারেনি। তারই ফল স্বরূপ এই কর্মসূচি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আল আমিন দেশ রূপান্তরকে বলেন, খুনি হাসিনার প্রশ্নে আমরা সবাই এক। আমরা প্রশাসনকে বেশ কয়েকবার মুজিবের ম্যুরালকে সংস্কার করে মুক্তমঞ্চ করার দাবি জানিয়েছিলাম তবে সম্মতি পাইনি। আজকে শিক্ষার্থীরাই এটি করে ফেলতে বাধ্য হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত