মেয়েদের ভাগ্য এখন তাবিথের হাতে

কোচ পিটার বাটলারকে কেন্দ্র করে জাতীয় নারী দলের সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের প্রেক্ষিতে নারী ফুটবলে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিল বাফুফে।  আজ সেই কমিটির প্রতিবেদন প্রকাশের কথা। এ প্রসঙ্গে কমিটি প্রধান ইমরুল হাসান জানিয়েছেন, বাফুফে সভাপতির দফতরে প্রতিবেদন জমা দিয়েছে তার কমিটি।

এ প্রসঙ্গে ইমরুল হাসান বলেন, ‘আমরা গত শনিবার থেকে কাজ করেছি এবং প্রায় প্রতিদিনই অধিক রাত পর্যন্ত কাজ করে সংস্লিষ্ঠ পক্ষ সমূহের বক্তব্য শুনেছি। এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং কিছু কারণ খুঁজে পেয়েছি। সেই কারণগুলো প্রতিকারার্থে কি করণীয় সেগুলো প্রতিবেদন আকারে তৈরি করে বাফুফে সভাপতির দফতরে জমা দিয়েছি।  রিপোর্ট পরে সভাপতিই হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাবেন।’

এই প্রতিবেদন প্রকাশের দিনই দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক জেতে ‍দুবারের সাফজয়ী জাতীয় নারী ফুটবল দল। প্রসঙ্গ উল্লেখ করে কমিটি প্রধান বলেন, ‘একুশে পদক প্রাপ্তি শুধু ফুটবল নয়, যেকোনো স্পোর্টসের জন্য বড় বিষয়। নারী ফুটবল দলের এই স্বীকৃতি ফুটবলের প্রতি আপামর জনগণের আগ্রহ আরও বাড়াবে। নারীরা সাফল্য এনে দিয়েছে। অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে বড় বিষয় ডিসিপ্লিন। সেখানে সাফল্য-ব্যর্থতা কোনো প্রভাবক হিসেবে কাজ করেনি।’

দেশের বিভিন্ন জেলায় নারী ফুটবল ম্যাচ আয়োজনে সহিংসতা দেখা দিয়েছে। আজ এমন ঘটনা ঘটেছে রংপুরে। বিষয়টি বেশ উদ্বেগের বলেও মনে করছে বাফুফে, ‘(আগে) জয়পুরহাটে ঘটল, আজ হলো অন্য জায়গায়। এটা আমাদের জন্য উদ্বেগের। সরকার গুরুত্ব সহকারে দেখছে বিষয়টি।’