বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সম্মাননা দেবে বিসিবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

বিপিএল শেষের পথে, তবে তামিম ইকবালের ক্রিকেট অধ্যায় এখানেই থামছে না। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান এই অভিজ্ঞ ওপেনার। শুধু বিপিএল নয়, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং সুযোগ পেলে লিজেন্ডস লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্টেও খেলার ইচ্ছা আছে তার।

তবে জাতীয় দলে তার অধ্যায় শেষ। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিক বিদায়ী সম্মাননা জানাবে। কাল (শুক্রবার) মিরপুরে বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণীর আগে তামিমের হাতে তুলে দেওয়া হবে বিদায়ী স্মারক।

বিপিএলের সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমকে নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচকেরা তার মতামত জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জাতীয় দলে আর ফিরবেন না। এরপর আরও দুই দিন চিন্তা করে ১০ জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

তামিম লিখেছিলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।'

এরপর বিপিএল চলাকালেই এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন, আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। আজ মিরপুরেও একই কথা বলেছেন তিনি।

তামিমের বিদায়ী সংবর্ধনা নিয়ে বিসিবির সিদ্ধান্ত আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ম্যাচ না থাকায়, বিপিএল ফাইনালকেই বিদায় জানানোর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে বোর্ড।

শুক্রবার সন্ধ্যায় মিরপুরে ফাইনালের পুরস্কার বিতরণীর আগে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে তামিমকে। আর কাকতালীয়ভাবে, ফাইনালের এক দলের অধিনায়কও তিনি—ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম!

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় অভিমান থেকে অবসর নিয়েছিলেন তামিম। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিনই সিদ্ধান্ত বদলান। এরপর অবশ্য জাতীয় দলে ফিরেও আর বেশি ম্যাচ খেলতে পারেননি।

বাংলাদেশের জার্সিতে তাকে শেষবার দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এরপর ইনজুরি, ফিটনেস এবং পারফরম্যান্সের জটিলতায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ বন্ধ হয়ে যায়।

তবে ক্রিকেট ছাড়ছেন না এখনই। বিপিএল শেষ করেই হয়তো নতুন কোনো ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত