কাশ্মীর নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

ভারত-অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করবে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি জানায়, আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের দেওয়া ভাষণে ভারতের সামরিক শক্তিকে পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেন পাকিস্তানের সেনাপ্রধান। পারমাণবিক অস্ত্রধারী দেশটির সেনাপ্রধান আশ্বাস দিয়ে বলেন, জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারতের মদদপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে কাশ্মীরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে পাকিস্তান।

জেনারেল আসিম মুনির আরও বলেন, কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানই কাশ্মীরের জনগণের ভাগ্য। ভারতীয় নৃশংসতা এবং ক্রমবর্ধমান চরমপন্থা শুধু কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে তাদের সংকল্পকে শক্তিশালী করেছে। এ সময় পাকিস্তানের অর্থনীতি উন্নতির পথে রয়েছে বলে জানান জেনারেল আসিম। তিনি বলেন, পাকিস্তান ঋণখেলাপি হবে না। মাত্র এক বছরে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে পাকিস্তান আইএমএফ এবং বিশ্বব্যাংককে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, পাকিস্তান বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের অধিকারী। ৭ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ ছাড়াও ৪৮ বিলিয়ন ডলারের একটি বিশাল প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক রয়েছে পাকিস্তানের। এমন মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে এমন কোনো দেশ কখনোই খেলাপি হতে পারে না।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান বিতর্কিত কাশ্মীরের পুরোটাই দাবি করলেও উভয়ই এর কিছু অংশ শাসন করে থাকে। এ হিমালয় অঞ্চল নিয়ে তিনটি যুদ্ধের মধ্যে দুটিতে একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে। তবে ইতিহাস বলছে, ১৯৪৭ সালে ভারত বিভক্ত হওয়ার আগ থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল।