রোমান্টিক কমেডিধর্মী হলিউড সিনেমা ‘উই লিভ ইন টাইম’ লস অ্যাঞ্জেলেসে সীমিত আকারে মুক্তি পেয়েছে। জন ক্রাউলি পরিচালিত ও নিক পেইনের লেখা সিনেমাটিতে অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পুগ নামে এক দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। গত বছরের ৬ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটি ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রে ও চলতি বছরের ১ জানুয়ারি যুক্তরাজ্য এবং ফ্রান্সে মুক্তি পায়।
হলিউডের নাট্যধর্মী চলচ্চিত্র ‘জ্যাজি’ মুক্তি পেয়েছে। ছবিটি মাল্টজের ‘দ্য আননোন কান্ট্রি’র পরবর্তী পর্ব বলে মনে করা হচ্ছে। এতে অভিনয় করেছেন জেসমিন বিয়ারকিলার, শ্যাংগ্রো ও লিলি গ্ল্যাডস্টোনের মতো কলাকুশলীরা। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন গ্ল্যাডস্টোন, মার্ক ডুপ্লাস ও জে ডুপ্লাস। গত বছরের ৯ জুন সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল। সিনেমায় ‘জ্যাজি’র বেড়ে ওঠার চ্যালেঞ্জগুলো দেখানো হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার কাহিনিনির্ভর ডকুমেন্টারি ‘নো আদার ল্যান্ড’। গত বছরের ১৬ ফেব্রুয়ারি ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি তৈরি করেছেন বাসেল আদ্রা, হামদান বল্লাল, যুবাল আব্রাহাম ও র্যাচেল জোর। তারা সিনেমাটিকে এই অঞ্চলে চলমান সংঘাতের সময় ন্যায়বিচারের পথে প্রতিরোধের একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
জোশ রুবেন পরিচালিত ‘হার্ট আইজ’ একটি সাইকোলজিক্যাল হরর মুভি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ফিলিপ মারফি, ক্রিস্টোফার ল্যান্ডন (যিনি প্রযোজকও) ও মাইকেল কেনেডি। ছবিতে অভিনয় করেছেন অলিভিয়া হোল্ট, ম্যাসন গুডিং, গিগি জুম্বাডো, মাইকেলা ওয়াটকিন্স, ডেভন সাওয়া ও জর্ডানা ব্রুস্টার। উত্তর আমেরিকায় সনি পিকচার্স ও বৈশ্বিকভাবে প্যারামাউন্ট পিকচার্সের মাধ্যমে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দক্ষিণ কোরিয়ার হরর মিস্ট্রি থ্রিলার মুভি ডার্ক নানস মুক্তি পেয়েছে। কোয়ান হাইওক জে পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সং হাই-কিও, জিওন ইয়ো-বিন, লি জিন-উক ও মুন উ-জিন। এটি ২০১৫ সালের জ্যাং জে-হিউনের দ্য প্রিস্টস চলচ্চিত্রের একটি ধারা, যেখানে এক অশুভ আত্মায় আচ্ছন্ন একটি ছেলেকে বাঁচানোর দৃশ্য দেখানো হয়েছে। সিনেমাটি সাড়া ফেলে দিয়েছে।