আ.লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর আগুন

দেশের বিভিন্ন স্থানে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত বুধবার রাত থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার দিনভর এসব ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। শেখ পরিবারের নামফলক মোছা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়াসহ এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন রাত পৌনে ১১টার দিকে বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ কয়েকটি জায়গায় হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঝালকাঠি : সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশে থাকা ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও ভাঙচুর করা হয়।

সাভার (ঢাকা) : শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১টার দিকে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের বাড়িতে ভাঙচুর করা হয়।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ চত্বরে গতকাল বিকেলে শেখ মুজিবের তিনটি ম্যুরাল হাতুড়ি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ভাঙা হয় শহরের ত্রিমোহনী এলাকার ম্যুরালটি।

খুলনা : গত বুধবার রাতে ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর গতকাল ভাঙা কংক্রিট থেকে লোহার রড ও ইট খুলে নিয়ে যাওয়া হয়। দুদিনে মহানগর আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ও খুলনার সরকারি বিএল কলেজে শেখ মুজিবের দুটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য দেখতে ভিড় জমায় হাজার হাজার জনতা।

টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বিকেলে শহরের মেইন রোডের কার্যালয়টি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সেখানে থাকা কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়।

পিরোজপুর : জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়াল এবং তার মেজোভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেকের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় : বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। এ ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ নাম থাকায় ভেঙে দেওয়া হয়েছে নামফলক। বুধবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এসব ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের পৈতৃক বাড়ি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সাবেক এমপি শামীম ওসমানের পৈতৃক বাড়ি বায়তুল আমান গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল সন্ধ্যায় ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়। এর আগে দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করা করা হয়।

ফেনী : কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িটির দ্বিতল ভবন ভাঙা শুরু হয়। স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি বসুরহাট বাসস্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি, শাবল দিয়ে ভাঙা হয়। এরপর তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়।

ঝিনাইদহ : শেখ মুজিবের দুটি ম্যুরাল ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত ম্যুরাল  দুটি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

পটুয়াখালী : জেলা পরিষদ চত্বর , সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র‌্যাব ক্যাম্পসংলগ্ন শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ রাসেল শিশু পার্কের সামনে থাকা তার ম্যুরালটিও গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কে আছাদুজ্জামান স্টেডিয়াম গেটে গতকাল দুপুরে শেখ মুজিব ও সাবেক এমপি আছাদুজ্জামানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।

নাটোর : জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কান্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে জুলাই স্মৃতি শিশু পার্ক, নাটোরের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় নাটোর-২ আসনের সাবেক এমপি মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াললিখন মুছে দিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, নির্মাণাধীন ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ হলের পরিবর্তে ‘শহীদ আলী রায়হান হল’ ও ‘শেখ হাসিনা’ হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ এবং ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ পরিবর্তে ‘নবাব ফয়জুন্নেসা চৌধুরানী’ ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : শহরের পাঠানপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।

কুমিল্লা : নগরীর পূবালী চত্বর এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। দ্বিতীয় দফা সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভোলা : সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভোলা শহরের গাজীপুর রোডের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

ব্রাহ্মণবাড়িয়া : শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি সরকারি কলেজের প্রশাসনিক ভবনের পাশে থাকা ভাস্কর্যে ভাঙচুর চালায়।

চুয়াডাঙ্গা : শেখ মুজিব ও শেখ হাসিনার ম্যুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম : নগরের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ও মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ১০টার দিকে একটি মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় ম্যুরাল ভাঙচুর করা হয়। এরপর জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে স্থাপন করা একাধিক প্রতিকৃতি হাতুড়ি ও লোহার রড দিয়ে ভাঙচুর করা হয়।

পাবনা : ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘শেখ হাসিনা আবাসিক হলের’ নামফলক ভেঙে দেওয়া হয়েছে। বুধবার এসব ঘটনা ঘটে।

নড়াইল : নড়াইলে শেখ মুজিবের ম্যুরাল এবং ’৫২ থেকে ’৭১-এর স্মৃতিফলকসহ ছয়টি স্থাপনা ভাঙচুর করেছে ছাত্র-জনতা। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বুলডোজার দিয়ে এসব স্থাপনা ভাঙচুর করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাবেক পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সদর থানার ওসি মো. মোন্নাফ হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়েছে বলে শুনেছি।’

বাঘা (রাজশাহী) : বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন দেওয়া হয়।

টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতির বাসায় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা রাসেলের মাকে সরিয়ে নেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা দুটি বাসভবনের ঢিল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে চলে গেছে।