নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল একুশে পদক

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কবি হেলাল হাফিজ, প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহির, সাংবাদিক মাহমুদুর রহমান এবং বাংলাদেশ নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান এবারের একুশে পদক পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকজয়ীদের নাম ঘোষণা করেন।

এবার একুশে পদকজয়ীদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

প্রয়াত কবি হেলাল হাফিজ ও কথাসাহিত্যিক শহীদুল জহির, সাংবাদিক মাহমুদুর রহমান এবং বাংলাদেশ নারী ফুটবল দল ছাড়া পদকজয়ী অন্যরা হলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, লেখক মঈদুল হাসান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সংগীতশিল্পী ও সংগীতগুরু উস্তাদ নীরদ বরণ বড়–য়া, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, অনুবাদক ও গবেষক নিয়াজ জামান, অভ্রর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান, আলোকচিত্রী নাসির আলী মামুন এবং শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ উল্লা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী।

স্বাধীনতা পুরস্কারের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পদক দিয়ে আসছে সরকার।