গত কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়: জামায়াত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ড কোনওভাবেই কোনও দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারেন না।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনও কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি, গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪-এর গণহত্যা সংঘঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পক্ষে থাকবে। নাগরিকদের জানমাল, নিরাপত্তা, ইজ্জত-আব্রু এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে যাতে কোনও অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাচার ও লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা, নিরীহ জনগণের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করা এবং অতি দ্রুত গণহত্যাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।