বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিপথে গিয়ে লাভ হয়নি। আর হবে না। সমস্যা থাকলে সবাই মিলে আলোচনা করব। সমাধান করব। এ দেশে শুধু আমার না, সবার। এখানের সংস্কৃতি, আচার-ব্যবহার সবাই সম্মান করে আসছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

এসময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞ্চানন্দ মহাথের, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরীসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া বিষয়ে তিনি বলেন, সবাই মিলে বসে দেখতে হবে এখানে কেন এমন হলো। আর এটাকে আলোচনার মাধ্যমে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। 

এসময় তিনি বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এর আগে সকালে সড়ক পথে উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত