সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বারিকুলের পরিবার বিএসএফের নির্যাতনে নিহত হয়েছে দাবি করলেও বিজিবি নিশ্চিত করেনি।

বারিকুল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলছাম গ্রামের সেতাউরের রহমানের ছেলে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রঘুনাথপুর সীমান্ত দিয়ে শুক্রবার ভোররাতে বারিকুলসহ চার-পাঁচজন ভারতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে এলেও বারিকুল ধরা পড়েন এবং সেখানে তার মৃত্যু হয়। তবে কীভাবে মারা গেছেন তা জানা যায়নি। তার মরদেহ ভারতের বিএসএফ ক্যাম্পে রাখা আছে বলে জানা গেছে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, ভোরের দিকে সীমান্তে কৃষিকাজ করতে গিয়েছিলেন বারিকুল ইসলামসহ পাঁচ-ছয় কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে বারিকুলকে ধরে নির্যাতন করে মেরে ফেলে। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে একটি নদীর তীরে বালুর ওপর ফেলে দেয় তারা।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘এ-সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তার পরিবার থেকেও আমাদের কাছে অভিযোগ করা হয়নি। স্থানীয়দের কাছ থেকে আমরা শুনেছি। ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে।’