শরীয়তপুরের জাজিরায় বেধড়ক মারধরে এক শিশুর মৃত্যু ও নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের পৌর এলাকার শেরনগর গ্রামের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নীলফামারীতে দুই, মাদারীপুর ও রংপুর থেকে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে
শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় মা ও সৎবাবার বেধড়ক মারধরে আরিফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য মা চাঁদনি ও সৎবাবা খোরশেদকে আটক করেছে পুলিশ।
জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে মাঝেমধ্যেই শিশু আরিফাকে মারধর করতেন মা ও সৎবাবা। বুধবার রাতেও বেধড়ক প্রহার করে আরিফাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে শিশুটি মৃত্যুবরণ করে।
নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অঞ্জুকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের পুকুর থেকে গতকাল সকালে আয়নাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা লুকেন ম-ল বলেন, ‘নৌকা নিয়ে পুকুরের মধ্যে কচুরিপানা কাটতে গিয়ে মানুষের হাত দেখতে পেয়ে স্থানীয়দের জানাই। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’
নীলফামারী : ডিমলায় গাছ থেকে পড়ে সাদেকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মধ্য ছাতনাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে যান সাদেকুল। মাথায় ও কোমরে গুরুতর আঘাত পেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের ভুট্টা ক্ষেত থেকে গতকাল সকালে কাঠ ব্যবসায়ী জহুরুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারী সদর থানার ওসি এমআর সাঈদ বলেন, ‘নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।’
শিবচর (মাদারীপুর) : শিবচরে মিজান কাজী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটা ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। নিহতের মা মলিনা বেগম বলেন, ‘আমরা ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পর যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইলো না আমার ছেলে।’
পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মরিচ ক্ষেত থেকে মাথাবিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা গেছে অজ্ঞাত নারীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে। তিনি রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)।